ভারতে কমছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

ভারতে করোনার সংক্রমণ আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। ১ এপ্রিলের পর ফের এতটা কম হলো দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে নতুন সংক্রমণ, সংক্রমণের হার, সক্রিয় রোগী কমলেও কমছে না দৈনিক মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা কিছুটা বেড়ে হয়েছে চার হাজারের কাছাকাছি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। যার মধ্যে ২ হাজার ৭৭১ জনই মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে গত কয়েক দিন ধরে কোভিডে হওয়া মৃত্যুর সংখ্যাটা বেশিই দেখা যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার দেশটিতে দৈনিক মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছিল। যার মূলে ছিল বিহার রাজ্য।
প্রাণঘাতী এই ভাইরাসে ভারতে এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। এর আগে শনিবার দেশটিতে ৩ হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছিল। এই সময়ের মধ্যে শনাক্ত হয়েছে ৮০ হাজার ৮৩৪ জন।
দেশটিতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই পাঁচ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। কমতে কমতে তা নেমেছে ১০ লাখের নিচে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৯ লাখ ৭৩ হাজার ১৫৮ জন।

অন্যদিকে তামিলনাড়ু (২৬৭), কর্নাটক (২০৬) এবং কেরালাসহ (১২৫) দেশটির অধিকাংশ রাজ্যেই দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণে রয়েছে। গত কয়েক দিন ধরে মৃতের সংখ্যা নির্দিষ্ট অঙ্কের মধ্যেই ঘোরাফেরা করছে। বাকি রাজ্যগুলিতেও দৈনিক মৃত্যু হচ্ছে ১০০ এর কম।