নিত্যপণ্যের অস্বাভাবিক দাম ঠেকাতে সিন্ডিকেট ভাঙার তাগিদ

ভোজ্যতেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পেঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি বা সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে টিসিবি কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্ড প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছে দিতে সমন্বিত প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের জনবল, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন এবং আমদানি-রপ্তানি ও সরকারের পরিচালনা ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ ছাড়া গত তিন বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য ও স্থানীয় খুচরা বাজারমূল্যের ব্যবধান নিয়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রস্তুত একটি যৌথ প্রতিবেদন কমিটির কাছে উপস্থাপন করা হয়।

বৈঠকে কমিটিকে জানানো হয়, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান, তদন্ত, মামলার রায় ও আদেশের মাধ্যমে বাজারে প্রতিযোগিতাবিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট সৃষ্টি, সরবরাহ নিয়ন্ত্রণ এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মতো কার্যক্রম নিরুৎসাহিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট ভাঙা এবং বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে সংসদীয় কমিটি।

বিদেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশনে কর্মকর্তা পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষাজ্ঞান ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ও চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। দেশের সব পর্যায়ে সেবার মান বাড়াতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, মো. বরকত উল্লাহ বুলু, হেলেন জেরিন খান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী এনামুল হক এবং আব্দুল মুনতাকিম অংশ নেন। এ ছাড়া বাণিজ্য সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।