নতুন কর্মস্থলে পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, স্বামাশিপ ভোলার অভিনন্দন

চরফ্যাশন অফিস : পুলিশ সুপার পদে পদায়নকৃত চরফ্যাশনের কৃতি সন্তান মোঃ আবদুল্লাহ আল মামুনকে কক্সবাজারে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর বদলী সংক্রান্ত উপসচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত আদেশটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিগগিরই তিনি কক্সবাজারে যোগদান করবেন বলে শীর্ষবাণী ডটকম এর প্রকাশ ও সম্পাদককে মুঠোফোনে জানিয়েছেন।

এর আগে আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে ১০ ডিসেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। ১৭ ডিসেম্বর আইজিপি ড. বেনজির আহমেদ তাকে পুলিশ সুপারের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, ভোলার চরফ্যাশনের কৃতি সন্তান চরফ্যাশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন মিয়ার ৪র্থ ছেলে আবদুল্লাহ আল মামুন ছাত্রজীবন থেকে অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে অনার্স ও মাষ্টার্স অত্যন্ত কৃতিত্বের সাথে সম্পন্ন করে ২৪তম বিসিএস (পুলিশ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এএসপি পদে যোগদান করেন। ২০১০-২০১১ইং সালে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি যোগদান করেন এবং ২০১৭-২০১৮ইং সালে পূনরায় পশ্চিম আফ্রিকার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করেন।

আবদুল্লাহ আল মামুন নতুন কর্মস্থলে বদলির খবরে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) ভোলা জেলা শাখা ও চরফ্যাশন উপজেলা শাখার পক্ষ থেকে তাকে ও তার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শীর্ষবাণী/এনএ