সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানার সন্ধান, চলছে অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার উকিল পাড়ায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানা আজ শুক্রবার ভোর থেকে ঘিরে রেখেছেন র‌্যাব সদস্যরা।

যেকোনো সময় সন্দেহভাজন ওই আস্তানায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা (মিডিয়া) আশিক বিল্লাহ। ২০ নভেম্বর সকালে তিনি সাংবাদিকদের এতথ্য জানান। ঘটনাস্থলে র‌্যাব-পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত রয়েছেন।

জানা গেছে, ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে। র‌্যাব-১২ এর স্পেশাল ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিন মিরাজ জানান, জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এরই মধ্যে ভেতরে অভিযান শুরু হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত বলে জানানো হবে, যোগ করে তিনি। স্থানীয়রা জানান, রাতে ওই বাড়িতে গোলাগুলির শব্দ পাওয়া গেছে।