
রাজনীতিতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘রাজনীতিতে নির্বাচনের বিকল্প পৃথিবীতে এখনও কেউ আবিষ্কার করতে পারেনি। বিএনপি নির্বাচনে আসবে না, আবার নামে-বেনামে তাদের লোকজন নির্বাচন করবে, এমন কাণ্ড!’
তিনি আরও বলেন, ‘নির্বাচন করবেন না তারা বলতে পারে। কিন্তু তারা নির্বাচনে বাধা দিতে পারে না।’
আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরের মনুনদীর পার সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এ কাজের মধ্যে রয়েছে ওয়াকওয়ে, ল্যান্ডস্ক্যাপিং, দুর্লভ ফুল ও ফলের গাছ রোপণ এবং রাস্তার সৌন্দর্যবর্ধনকরণ।
এম এ মান্নান বলেন, ‘সারা দেশে কাজের একটা জোয়ার চলছে। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়ন হচ্ছে না। সর্বত্র উন্নয়নের তোলপাড় চলছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর অবিচল ইচ্ছা ও সাহসের কারণে হচ্ছে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মসজিদ-মন্দির-গির্জা সকল কিছু মিলে বাংলাদেশ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, মনিপুরি, সাওতাল, খাসিয়া-গারো সকলের বাংলাদেশ। মানুষে মানুষের কোনো ভেদাভেদ নেই। সকল মানুষ সমান সুযোগ-সুবিধা ও অধিকার নিয়ে বসবাস করবে। সকলে মিলে একটি পরিবার।’















