
ঢাকা অফিস: অতিমারি করোনার জন্য সারাদেশে লকডাউন চলছে। এই দুঃসময়ে ঈদকে সামনে রেখে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের দুর্ভোগের কথা বিবেচনা করে লকডাউনের মধ্যেও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিস খোলা রেখে প্রায় সাড়ে পাঁচ লাখ বেসরকারি শিক্ষক কর্মচারীর সেবাদানকারি প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এরপরও তিনি নিয়মিত অফিস করেছেন। তার প্রচেষ্টা ছিল করোনাকালিন এই দুঃসময়ে মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদের সর্বোচ্চ সংখ্যক আবেদন নিষ্পত্তি করা।
আলহামদুলিল্লাহ কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে শনিবার (৮ মে) বন্ধের দিনেও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের ৪৮০ জনের আবেদনের বিপরীতে কল্যাণ সুবিধা বাবদ ২০,৭৩,৫৪,১২৯ (বিশ কোটি তেয়াত্তর লক্ষ চুয়ান্ন হাজার একশত উনত্রিশ) টাকা ছাড় করা হয়েছে। বর্তমান লকডাউনের এক মাসের মধ্যে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু প্রায় ১ হাজার ৩শ’ জন শিক্ষক কর্মচারীকে EFT মাধ্যমে প্রায় ৬০ (ষাট) কোটি টাকা যার যার ব্যাংক একাউন্টে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন, এ ব্যাপারে আমাদের সার্বক্ষণিক উৎসাহ যুগিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন। আমাদের পরিশ্রমে যদি এই দুঃসময়ে সম্মানিত শিক্ষক কর্মচারীদের কিছুটা হলেও উপকার হয় তাহলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।
উল্লেখ্য, কল্যাণ ট্রাস্টে চরম জনবল সংকট রয়েছে। জনবল কাঠামো অনুযায়ী একজন প্রোগ্রামার ও দুইজন সহকারী প্রোগ্রামার থাকার কথা থাকলেও একজন মাত্র সহকারী প্রোগ্রামার নিয়ে আমাকে মহাযজ্ঞ পরিচালনা করতে গিয়ে আমাদের হিমসিম খেতে হচ্ছে বলেন অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। এছাড়াও কল্যাণ ট্রাস্টে অন্যান্য জনবলের সংকটতো রয়েছেই। ইতোমধ্যে কল্যাণ ট্রাস্টের পরিচালক কাজী রফিকুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কল্যাণ ট্রাস্টের সচিবের পিএ হোসাইন আহম্মেদ এখনো করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায়ও জাতির বৃহৎ স্বার্থের সম্মানিত শিক্ষকদের জন্য আমাদের সেবা অব্যাহত থাকবে বলে জানান অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। তিনি আরো বলেন, আমরা সকলের কাছে কল্যাণ ট্রাস্ট্রের কর্মকর্তা কর্মচারীদের শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
শীর্ষবাণী/এএ















