
ভোলা প্রতিনিধি: ভোলায় আঞ্জুমান মফিদুল ইসলামকে লাশবাহী গাড়ী হস্তান্তর করেছে আমেনা বেগম তহফিজুল কুরআন মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান। কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও রূপালী ব্যাংকের সাবেক পরিচালক মাহাবুবুর রহমান হিরন এর আর্থিক সহায়তায় শুক্রবার (৭ মে) সকালে ভোলা শহরের কালীবাড়ী রোডের মুকবুল জামে মসজিদের সামনে এই গাড়ি হস্তান্তর করা হয়। এ সময় মাদ্রাসার পক্ষে আঞ্জুমান মফিদুল ইসলামকে গাড়ীটি তুলে দেন মাহাবুবুর রহমান হিরণের বড় ভাই আবুল কাশেম আবু মিয়া।
দীর্ঘদিন ধরে লাশ বহন করতে গিয়ে ভোলাবাসী নানা ভোগান্তির স্বীকার হতো। এই প্রথম লাশবাহী গাড়ি পেলো ভোলাবাসী। এর আগে পৌরসভার ময়লা অপসারণের গাড়িতে করে লাশ আনা নেওয়া করা হতো।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, আঞ্জুমান মফিদুল ইসলাম এর সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, সহ-সভাপতি সাবেক সিভিল সার্জেন ডাঃ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ বনি আমিন, পৌর সভার সাবেক কমিশনার হুমায়ুন কবির সোপান, আমিনুল ইসলাম সংগ্রাম, ভোলা নিউজ সম্পাদক এড. মনরিুল ইসলাম প্রমুখ। এই গাড়ি পাওয়ায় পর ভোলার মানুষের দীর্ঘদিনের একটি দুঃখ লাগব হলো। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ভোলা জেলা আঞ্জুমান মফিদুল ইসলাম ২০০৮ সাল থেকে ভোলা জেলা বেওয়ারিশ লাশে দাফন ও সৎকার কাজ করে আসছে। নতুন করে একটি গাড়ী পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাতা মাহাবুবুর রহমান হিরনকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট দিয়েছেন।
শীর্ষবাণী/এসএস















