চরফ্যাশনে অস্ত্রসহ দুই ডাকাত আটক

আমিনুল ইসলাম: ভোলার চরফ্যাশন পৌরসভা ৩নং ওয়ার্ডে সঙ্গবদ্ধভাবে ডাকাতিকালে জনতার হাতে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করা হয়েছে। পরে জড়িত থাকার সন্দেহে মোটরসাইকেল চালককেও আটক করেন চরফ্যাশন থানা পুলিশ।

৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার সময় চরফ্যাশন পৌরসভা ৩নং ওয়ার্ড কালাম মৌলভী বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা মুসলিমের ছেলে আবু জাহের (৩৯) ও একই এলাকার সহযোগী কামালকে (২৮) আটক করা হয়৷ পরে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের চরফ্যাশন থানায় নিয়ে আসেন৷

ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ টুটুল জানান, আমাদের বাড়িতে সঙ্গবদ্ধ ডাকাত দল দরজা ভেঙ্গে আমার বাবা কালাম মৌলভীকে চেতনা নাশক স্প্রে করে অচেতন করে ফেলে৷ পরে বাসায় থাকা এক লাখ ১০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাদের পিকআপ ড্রাইভার ইসমাইল ও সুজন দেখে ফেলে। তাদের ডাক চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন ধাওয়া দিলে ২ ডাকাত পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করতে সক্ষম হই৷

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জানান, তাদেরকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে আনা হয়েছে৷ সাথে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলার প্রস্তুতি নেওয়া হবে।

এদিকে ডাকাতি ঘটনার সংবাদ পেয়ে পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আঃ মতিন মোল্লা ডাকাত আক্রান্ত বাড়িটি পরিদর্শন করেন ও আইনগত সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
শীর্ষবাণী/এনএ