
চট্টগ্রাম প্রতিনিধি: স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেছেন, বর্তমান শিক্ষা বান্ধব শেখ হাসিনা সরকার গত বার বছরে শিক্ষা খাতে যে অবদান রেখেছেন অতীতে ৩৮ বছরে সব সরকার মিলেও তা করেনি। ২৪ জানুয়ারি রবিবার স্বাধীনতা শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটি কর্তৃক আয়োজিত কাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিশাল শিক্ষক সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত,৫% ইনক্রিমেন্ট, ২০% বৈশাখী ভাতা, চার হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, কল্যাণ ও অবসর বোর্ডের আর্থিক সংকট নিরসনে ১৬৭৭ (কল্যাণ ট্রাস্টের জন্য ৩৬০) কোটি টাকা বিশেষ বরাদ্দ, ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়, ৩২০ টি কলেজ, ২২০ টি হাইস্কুল জাতীয়করণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করলেও বেসরকারি শিক্ষা ক্ষেত্রে এখনো অনেক সমস্যা বিরাজমান রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়ে তিনি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও, বদলী কার্যকর,সরকারি অনুরূপ বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতা প্রদান এবং ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান।
তিনি বলেন, একটি মহল জাতীয়করণ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ইন্দন দিচ্ছে স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী শক্তি। যারা বিভিন্ন গুজব ছড়িয়ে শিক্ষকদের বিভ্রান্ত এবং রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তিনি তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন স্বাশিপের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিসেস মেহেরুন্নেছা, ডক্টর হোসামুদ্দিন, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, মুজিবুর রহমান, মোজাম্মেল হক, অধ্যক্ষ আঃ মতিন, উপাধ্যক্ষ রেজাউল করিম, হারুন অর রশিদ, অধ্যক্ষ গিয়াসউদ্দিন, সৈয়দ মোহাম্মদ খালেদ, আলী আজম, জয়নাল আবেদিন জেহাদী, অধ্যক্ষ সোলাইমান কাসেমী, এম এন তালুকদার, অধ্যক্ষ ডক্টর সানা উল্লাহ আমজাদ হোসাইন, মিসেস আইরিন পারভীন, নজরুল ইসলাম,ম্রেরী মারমা প্রমুখ।
শীর্ষবাণী/এনএ















