
ঢাকা অফিস: স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেছেন, বঙ্গবন্ধু সরকারই স্বাধীন বাংলাদেশে সকল ধর্মের স্বাধীনতার পাশাপাশি ইসলামের প্রচার প্রসার ও উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করছেন। তিনি ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ স্থাপন, কওমি মাদরাসা সনদের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অন্যান্য ধর্ম চর্চার সুযোগও করে দিয়েছেন।
শনিবার ২৩ জানুয়ারি নারায়ণগঞ্জে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ কর্তৃক বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত “ইসলাম প্রচার, প্রসারে বঙ্গবন্ধুর ভূমিকা” শীর্ষক আলোচা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যক্ষ এম সাইফুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক জাকির হোসাইন, স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা ও অধ্যক্ষ তেলোয়াত হোসাইন খান, স্বাশিপ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ব্রজেন্দ্র নাথ সরকার, স্বামাশিপ কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সাকুর, আওয়ামী লীগ নেতা এডভোকেট কামরুজ্জামান প্রমুখ।
স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার গত ১২ বছরে শিক্ষার উন্নয়নে যে অবদান রেখেছে এর আগে সব সরকার মিলে বিগত ৩৮ বছরেও তা করতে পারেনি। এখনো যেসব সমস্যাগুলো রয়েছে তা দ্রুত সমাধানের দাবি জানিয়ে তিনি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও, বদলী কার্যকর, সরকারি অনুরূপ বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা ও উৎসব ভাতা প্রদান তথা ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান। তিনি বলেন, একটি মহল জাতীয়করণ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন গুজব ছড়িয়ে শিক্ষকদের বিভ্রান্ত করছে। তিনি এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
শীর্ষবাণী/এনএ















