
ঢাকা অফিস : পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। বৈঠকের আলোচ্য বিষয় ও সিদ্ধান্তগুলো নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্ভাব্য ওই বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। ইউজিসি সূত্র এসব তথ্য জানায়। অক্টোবরে নয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে এ বৈঠক হচ্ছে নভেম্বরে।
ইউজিসি সদস্য ড. দীল আফরোজ গণমাধ্যমকে বলেন, ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৪টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সশরীরে পরীক্ষার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের চাকরি বা উচ্চ শিক্ষায় এর বিকল্প নেই।
তিনি বলেন, সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হলে উত্তরপত্র মূল্যায়নে সময় কম লাগবে। আমরা সফটওয়্যারটির পরীক্ষামূলক প্রয়োগ নিশ্চিত করতে কাজ করছি।
সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা গ্রহণে অস্বিকৃতি জানিয়েছে, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে স্বতন্ত্রভাবে পরীক্ষার আয়োজন করছে প্রতিষ্ঠান দুটি। জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র আইন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও (বুয়েট) বিশেষ আইন মোতাবেক পরিচালিত হয়। অর্থাৎ এই ৫টি বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নিয়ে থাকে।
সূত্র জানায়, জাতীয়, উন্মুক্ত ও ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় ৩টি আলাদা পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। প্রতিষ্ঠানগুলোতে নম্বরের ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না। এছাড়াও ঢাকা, চিটাগাং, রাজশাহী ও সিলেট এই ৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।















