চরফ্যাশনে জমে উঠেছে পশুর হাট, মানছে না স্বাস্থ্যবিধি

আমিনুল ইসলাম, চরফ্যাশন: চরফ্যাশন উপজেলায় প্রায় ৫০টি বাজারে বসছে কোরবানির পশুর হাট। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছে প্রতিটি গবাদি পশুর হাট৷ দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ মৃত্যুর তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম৷

সরেজমিনে গিয়ে দেখ যায়, কোরবানীর পশুর হাটগুলোর মধ্যে চরফ্যাশন, শশীভূষণ, দক্ষিণ আইচা, দুলারহাট, কেরামতগঞ্জ, ভূঁইয়ারহাট উল্লেখযোগ্য। এসকল পশুর হাটে দুপুর থেকে রাত পর্যন্ত কোন প্রকার স্বাস্থ্য বিধি না মেনে শত শত মানুষ গাদাগাদি করে গবাদি পশু কেনাকাটায় ব্যস্ত রয়েছে৷ বেশিরভাগ ক্রেতা-বিক্রেতার মুখে নেই মাস্ক৷ সীমিত পরিসরে ও সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট পরিচালনার কথা থাকলেও কিছুই মানা হচ্ছে না হাটগুলোতে।

হাটে গরু কিনতে আসা মাওলানা আব্দুল মালেক নামের এক ক্রেতা জানান, আমি দুপুরের দিকে এসেছি৷ হাটের অবস্থা দেখে মনে হচ্ছে এ উপজেলায় করোনা বলতে কিছুই নেই৷ এভাবে চলতে থাকলে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ যা এ উপজেলার জন্য ক্ষতিকর৷ চরফ্যাশনবাসী উপজেলা প্রশাসনের নিকট বিষয়টি নজরে আনার জোর দাবি জানিয়েছে।

ভূঁইয়ার হাট ও বাবুগঞ্জ বাজারের পশুর হাট ইজারাদার আতিকুর রহমান শিপন বলেন, অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন৷ আমরা চেষ্টাও করছি৷ কিন্তু অনেক ক্রেতা বিক্রেতা আমাদের কথা শুনছেন না, তারা না বুঝলে আমরা কি করব৷ তবে স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করা সম্ভব হবে বলে আমি মনে করি।

বিষয়টি নিয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সাথে যোগাযোগ করলে তিনি অতি দ্রুত প্রতিটি পশুরহাটে স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
শীর্ষবাণী ডটকম/এনএ