টঙ্গীর অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিসের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। যদি প্রয়োজন হয়, তাদের চিকিৎসায় অতিরিক্ত সহায়তাও প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে যান এবং চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন।

সাংবাদিকদের তিনি বলেন, “গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে টঙ্গীতে। চারজন ফায়ার সার্ভিস কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দু’জনের মধ্যে একজন মাঝারি ও একজন তুলনামূলকভাবে কম দগ্ধ। এখানকার চিকিৎসা সেবার মান আন্তর্জাতিক পর্যায়ের। চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা সবার দোয়া কামনা করি যেন তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

তিনি আরও জানান, “সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস—তিনটি পক্ষই আহতদের সুস্থতায় সব ধরনের সহযোগিতা দেবে।”

এদিকে, দগ্ধদের চিকিৎসা সম্পর্কে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, “ঘটনার পরপরই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে, এবং আমাদের মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়। রোগীরা আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করা হয়।”

তিনি জানান, “আহত চারজনের মধ্যে দুজনের শরীরের ১০০ শতাংশ, একজনের ৪২ শতাংশ এবং আরেকজনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। আমরা আন্তর্জাতিক চিকিৎসা প্রটোকল অনুযায়ী তাদের সেবা দিচ্ছি। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের এইচডিইউতে রাখা হয়েছে এবং একজন ইন্টারমিডিয়েট কেয়ারে আছে।”

অধ্যাপক নাসির আরও বলেন, “এইচডিইউতে থাকা রোগীদের ক্রমাগত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অপারেশনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।