রাজশাহীতে কলেজ অধ্যক্ষকে পেটালেন সংসদ সদস্য: স্বাশিপ এর নিন্দা,জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আহত সেলিম রেজা গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
তবে সংসদ সদস্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।

জানা গেছে, গত ৭ জুলাই রাতে নগরীর নিউমার্কেট সংলগ্ন এমপি ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন ওমর থিম প্লাজার চেম্বারে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে এমপি ফারুক প্রথমেই অধ্যক্ষ সেলিম রেজার কাছে জানতে চান তার কলেজের কতিপয় শিক্ষক একজন অধ্যক্ষ ও দলীয় নেতার স্ত্রীকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলেছেন। প্রিন্সিপাল হিসাবে তিনি কী ব্যবস্থা নিয়েছেন।

জবাবে অধ্যক্ষ সেলিম বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। এর পরপরই এমপি তার ফোনের রেকর্ড অন করে বিষয়টি অধ্যক্ষ সেলিমকে শুনতে বলেন। এরই মধ্যে এমপি ফারুক ভীষণ উত্তেজিত হয়ে পড়েন। সেলিম রেজাকে উপর্যুপরি কিল ঘুসি ও লাথি মারতে থাকেন।

এ ব্যাপারে অধ্যক্ষ সেলিম রেজা বলেন, ৭ জুলাই রাতের ঘটনার পর তিনি বাড়িতেই অবস্থান ধর্মঘট। তিনি জানান এমপি সাহেব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, যেহেতু এমপি সাহেব এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন সেহেতু তিনি এ ব্যাপারে আর কিছু বলছেন না।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সংসদ-সদস্য ওমর ফারুক চৌধুরী কলেজ অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের অভিযোগ
অস্বীকার করে বলেন, ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আমার চেম্বারে তারা অনেকেই এসেছিল। নিজেরা মারামারি শুরু করলে আমি গিয়ে তাদেরকে থামাই।

স্বাশিপ এর নিন্দা:

রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম রেজাকে শারীরিক লাঞ্ছিত করার তীব্র নিন্দা জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি দেশের বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর আবদুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। বিবৃতিতে স্বাশিপ নেতৃদ্বয় বলেন একজন সম্মানিত সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা,আইন ভঙ্গের করা,নয়। রাজশাহীতে জাতীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী একজন সম্মানিত অধ্যক্ষকে শারীরিক লাঞ্ছিত করার মাধ্যমে আইন ভঙ্গ করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্বাশিপ সভাপতি প্রফেসর আবদুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নজরুল আলম সাজু।

তদন্ত কমিটি গঠন:

রাজশাহীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ । জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন কে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।