চরফ্যাশনে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত

এম আবু সিদ্দিক, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত। রবিবার ভোর সাড়ে ৪টার সময় চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন কুকরি-মুকরী’র বাবুরহাট জাইল্লার খালের অদূরে বন্দুকযুদ্ধের এ ঘঠনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ওই দুই জনের নাম পরিচয় জানা না গেলেও র‌্যাব দাবি করেছে নিহত দু’জনই জলদস্যু বাহিনীর সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোমহাম্মদ সাইফুল ইসলাম।

দক্ষিন আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় থানায় দুটি মামলা হয়। র‌্যাবের ডিএডি এনামুল হক বাদী হয়ে একটি হত্যা ও অপরটি অপর মামলা দায়ের করে। জানাগেছে নিহতরা সাগরে জলদস্যুতা করতো। রবিবার ভোরে কুকরি-মুকরি ইউনিয়নের জাইল্লার খাল এলাকায় জলদস্যুদের ধরতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পাল্টাপাল্টি বন্দুক যুদ্ধে জলদস্যুরা নিহত হয়। নিহতদের লাস ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।