
শামছুদ্দিন খোকন,শীর্ষবাণী, চরফ্যাসন : চরফ্যাসন উপজেলার পানির কল এলাকার রাস্তার মাথা সংলগ্ন যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ২২ জন আহত হয়েছে। বুধবার ৩নভেম্বর দুপুরে চরফ্যাসন—শশীভূষণ সড়কের এওয়াজপুর ইউনিয়নের পানিরকল রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশুসহ নারী ও পুরুষ যাত্রী রয়েছে। এর মধ্যে গুরুতর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
জানা যায়, দুপুরে বাসটি (ভোলা ব- ০৫০০৫৪) চরফ্যাসন থেকে দক্ষিণ আইচা যাত্রী নিয়ে যাচ্ছিল। পানিরকল রাস্তার মাথায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শশীভূষণ থানার (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা সম্ভব হয় নি।















