
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের সুস্থতার জন্য উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।
বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে শনিবার তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মতো দক্ষ পাইলট একটি প্রতিষ্ঠানের সম্পদ। তিনি কর্মজীবনের বিভিন্ন সময়ে তার দক্ষতার পরিচয় দিয়েছেন।
তিনি বলেন, গত ২৭ আগস্ট ওমানের মাসকট থেকে ফ্লাইট পরিচালনা করে ঢাকায় ফেরার পথে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় আমরা সবাই উদ্বিগ্ন। তার চিকিৎসার বিষয়টি মন্ত্রণালয় এবং বিমান কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারক করছে। তার দ্রুত সুস্থতার জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ করছি।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট মাসকট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি-০২২ মোট ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন।
পরে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। পরবর্তীতে বিমানের পাইলটকে নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।















