সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিলের রিপোর্ট চূড়ান্ত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় উত্থাপিত জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল এবং গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিলের রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।

কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, শামীম হায়দার পাটওয়ারী, গ্লেরিয়া ঝর্ণা সরকার, সেলিম আলতাফ জর্জ এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন সভায় অংশগ্রহণ করেন।

সভায় ইতোপূর্বে জাতীয় সংসদে উত্থাপিত এবং পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য কমিটিতে প্রেরিত ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল, ২০২১’ এবং ‘গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল, ২০২১’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। কোন সংশোধনী না থাকায় বিল দুটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে রিপোর্ট প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন ও বিচার বিভাগের সচিবণ, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।