রাজশাহীতে শিক্ষক নির্যাতনকারি এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা স্বাশিপের

রাজশাহীর বাগমারায় উপজেলা এসিল্যান্ড কর্তৃক মদনপুর হাইস্কুল ও কলেজের প্রভাষক আব্দুল আজিজকে পিটিয়ে হাত ভেঙে ফেলার প্রতিবাদে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর উদ্যোগে সোমবার ৫জুলাই বিকালে এক ভার্চুয়াল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি,বিশিষ্ট শিক্ষাবিদ,বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান চৌধুরী। সভা পরিচালনা করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। এছাড়াও রাজশাহীর বাগমারা থেকে ভার্চুয়ালি যুক্ত হন নির্যাতিত কলেজ শিক্ষক আব্দুল আজিজ।
সভায় স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ ছাড়াও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন – প্রফেসর সাজিদুল ইসলাম, মেহেরুন্নেছা, হরিচাঁদ মন্ডল সুমন,অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা,অধ্যক্ষ মোকসেদুর রহমান,ডক্টর হোসামুদ্দিন, অধ্যক্ষ তেলোয়াত হোসেন,আব্দুল্লাহ আল মামুন,ডক্টর আবু বকর,অধ্যক্ষ নজরুল ইসলাম,অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম,অধ্যক্ষ মাহবুবুর রহমান,দেলোয়ার হোসেন, আকতার উদ্দিন,আকলিমা জাহান,সাকিলা পারভীন, অধ্যক্ষ মোশাররফ হোসেন মুকুল,জয়সিম বড়ুয়া,রতন পিটার গোমেজ,সঙ্গীতা বিশ্বাস,অধ্যক্ষ শরূফুল ইসলাম,সেরীনা বিথী,শান্ত রহমান, এম আরজু প্রমুখ।

সভায় বক্তারা রাজশাহীর বাগমারায় কলেজ শিক্ষক আব্দুল আজিজের উপর বর্বরোচিত হামালার তীব্র নিন্দা জানানো হয়। সভায় প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার এহেন দায়িত্বজ্ঞানহীন আচরণের ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সভায় অবিলম্বে অভিযুক্ত এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে দেশের সকল শিক্ষক সমাজকে সাথে নিয়ে এর বিরুদ্ধে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে তারা বাধ্য হবেন বলে ঘোষণা করা হয়।