চরফ্যাশনে ৩শ’ মরা মুরগী বিক্রির দায়ে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

মাইনউদ্দিন জমাদার: চরফ্যাশনে ৩শ’ মরা মুরগী বাজারে বিক্রি করার উদ্দেশ্যে মিরাজের দোকানে ড্রেসিং করতে আনার পর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু মরা মুরগীসহ বিক্রেতা মোঃ রাসেলকে (২৫) আটক করে। ২২ মে শনিবার রাত ১০টায় চরফ্যাশন পূর্ববাজার মিরাজের দোকান থেকে ৩০০ শ’ মরা মুরগীসহ মুরগীর মালিক রাসেলকে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে আসেন কাউন্সিলর সামু। সংবাদ পেয়ে চরফ্যাশন পৌর মেয়র এস এম মোরশেদ মুরগী ব্যবসায়ী মিরাজের দোকানে এসে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে নেন।

ব্যবসায়ীরা জানায়, মরা মুরগীসহ ধৃত রাসেল উপজেলার আবুবকরপুর গ্রামের মৃত শহিদ দালালের ছেলে। সে পেশায় মুরগী ব্যবসায়ী।

ধৃত রাসেল জানান, মুরগীসহ তার মালিক শাহে আলম তাকে ড্রেসিং করার জন্য পাঠিয়েছেন। চরফ্যাশন হাসপাতালের ইউএইচ ও ডাঃ শোভন বসাক জানান, মুরগীগুলো কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ওই মরা মুরগী যে খাবে সে নানা রোগে আক্রান্ত হবে। যেমন ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্টেট ও সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস অভিযুক্ত মরা মুরগী ব্যবসায়ী রাসেলের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মরা মুরগীসহ অভিযুক্তকে আটক করে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পৌর মেয়র এসএম মোরশেদ ও পৌর ৪নং ওয়ার্ডের সফল কাউন্সিলর আক্তারুল আলম সামুকে পৌর এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীবৃন্দ ধন্যবাদ জানিয়েছেন।
শীর্ষবাণী/এএ