
শীর্ষ বাণী ডেস্ক: প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যার দায়ে সব আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার আট আসামির মধ্যে ছয় জনের উপস্থিতিতে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়েরকে
এর মধ্যে মেজর সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় বাকি ছয় আসামি আদালতে ছিলেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম সরোয়ার জাকির রায়ের পর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালত চত্বরে থাকা আইনজীবীরা জানান, আজ বেলা ১১টার দিকে মামলার ছয় আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নিয়ে আসা হয়। এর কিছু পরে মামলার রায় দিতে এজলাসে বসেন বিচারক।
এ সময় আদালতে ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শীর্ষ বাণী /এন















