আমার স্বপ্নের শিক্ষা কমপ্লেক্সটি ডানা মেলতে শুরু করেছে

অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু: বৈশ্বয়িক কোন সম্পদের লোভ আমার কোন সময়ই ছিল না। জীবনে অনেক সুযোগ থাকলেও অর্থ সম্পদের মোহ আমাকে কাবু করতে পারেনি। প্রায় সারাজীবন ঢাকাতে কাটালেও এখন পর্যন্ত আমি ভাড়া বাড়িতেই থাকি। ঢাকায় আমার বা আমার স্ত্রীর কোন ফ্লাট কিংবা বাড়ি নেই। অনেকেই এটা বিশ্বাস করতে চায় না। একদিন এক আড্ডায় কথা প্রসঙ্গে আমার ঘনিষ্ঠ বন্ধু, সরকারের একজন মন্ত্রী যখন শুনলেন ঢাকায় আমার নিজস্ব আবাস নেই তিনি তখন অবাক হয়েছিলেন। তবে এটাও ঠিক আমি জীবনে যে অর্থ উপার্জন করেছি তা দিয়ে একাধিক বাড়ির মালিক হতে পারতাম। আমার উপার্জিত টাকার সিংহভাগই দলের জন্য ও জনকল্যাণেই ব্যয় করেছি। শিক্ষার প্রতি আমার প্রচণ্ড আগ্রহ। আমি মনে প্রাণে বিশ্বাস করি শিক্ষার উন্নয়ন ছাড়া কোন জাতির অগ্রগতি সম্ভব নয়। সেজন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেছি।

বর্তমানে আমি আমার পৈতৃক সম্পত্তি ও সারা জীবনের সঞ্চিত অর্থে আমার জন্মভূমি আশুগঞ্জে প্রস্তাবিত পৌরসভার মধ্যে বৈকুন্ঠপুর মৌজায় আপাতত চার বিঘা (আরো জমি বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত আছে) জমির উপর নির্মিত হচ্ছে আমার স্বপ্নের ‘শিক্ষা কমপ্লেক্স’। সরকার ‘নিবন্ধিত ‘প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশন’ এর পরিচালনাধীন উক্ত কমপ্লেক্সে স্কুল, কলেজ (বঙ্গবন্ধু কারগরি ও বাণিজ্যিক কলেজ স্থানান্তর),পলিটেকনিক ও মসজিদ নির্মিত হবে। ইতিমধ্যে বঙ্গবন্ধু কারিগরি কলেজের জন্য একটি সরকারি ভবন বরাদ্দ হয়েছে। আশুগঞ্জ গোলচক্কর থেকে এক কিলোমিটার দূরত্বে,ঢাকা-সিলেট মহাসড়কের সন্নিকটে প্রাকৃতিক অপরূপ নৈসর্গিক ও দৃষ্টিনন্দন বৈকুন্ঠপুরে এই শিক্ষা কমপ্লেক্সের মাটি ভরাট সম্পন্ন করে অবকাঠামো নির্মাণের প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই প্রতিষ্ঠানটির যাতায়াতের সুবিধার জন্য ইতোমধ্যে আশুগঞ্জ বন্দরের পশ্চিম সোনারামপুর থেকে কম্পেক্সটির পাশ দিয়ে সোনারামপুর- বৈকুন্ঠপুর-বড়তল্লা সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। আমার স্বপ্নের এই শিক্ষা কমপ্লেক্স থেকে দেশপ্রেমিক সুনাগরিক গড়ে উঠবে যারা অন্ধকারে আলো জ্বালাবে।

যারা সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে একটি তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে সেই প্রত্যাশা নিয়েই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি শিক্ষার উন্নয়নে ও শিক্ষকদের অধিকার আদায়ে জীবনের শেষ দিনটি পর্যন্ত কাজ করে যেতে চাই।
ইট পাথরের শহুরে জীবন আমার একবারেই ভালো লাগে না। আমি গ্রামের ছেলে গ্রামেই আমার বেশী ভালো লাগে। আমি আমার জন্মভূমিকে অত্যন্ত ভালোবাসি। যেমনটা ভালোবাসি আমার বাবা মা’কে। যে গ্রামে আমার জন্ম, যে গ্রামের আলো বাতাসে আমি বড় হয়েছি আমার শেষ জীবটা আমি আমার সেই আপনজনদের সাথেই কাটাতে চাই। আমার বাবা মা’র পাশেই আমি চির নিদ্রায় শায়িত হতে চাই।

আমি মনে প্রাণে বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা কারো সৎ উদ্দেশ্য অপুর্ণ রাখেন না। তিনি দেশ এবং জনগণের কল্যাণে আমাকে কবুল করুক সকলের কাছে সেই দোয়া কামনা করি। আমিন।

লেখক: অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু
সাধারণ সম্পাদক, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ও সদস্য সচিব, বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট।