স্বামাশিপ পাবনা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি: স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) পাবনা জেলা শাখার এক মতবিনিময় সভা ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। স্বামাশিপ’র পাবনা জেলা সভাপতি পাবনা কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বেসরকারী শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- স্বামাশিপ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মোঃ তেলাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন স্বামাশিপ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ নজরুল ইয়ালাম ও স্বাশিপ পাবনা জেলা শাখার সভাপতি মেনহাজ উদ্দিন। অন্যান্য’র মধ্যে বক্তৃতা করেন নজরুল ইসলাম বাবু ও হেলাল উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন, মাদ্রাসার শিক্ষকরা এই সরকারের সময় যা পেয়েছেন অতীতে কোনো সরকার তা করেন নি। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, মাদরাসা ও কারিগরি শিক্ষার জন্য আলাদা মন্ত্রণালয়, মাদ্রাসা শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, ৫শতাংশ ইনক্রিমেন্ট, ২০ শতাংশ বৈশাখী ভাতা এ সরকারের আমলে স্বাশিপ’র দাবীর প্রেক্ষিতে হয়েছে। আমাদের এখন একটাই চাওয়া পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ।

মাননীয় প্রধানমন্ত্রীই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের এ দাবী পূরণ করবেন বলে আমরা আশা রাখি। সে জন্য আগামী ৬ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অন্তত ৪ লক্ষ শিক্ষক/কর্মচারী মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হাজির করবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আপনারাও সাড়া দিবেন বলে আশা করি।
শীর্ষবাণী/এনএ