আবারো পেঁয়াজ ট্রাজেডি, চরফ্যাশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট’র অভিযান

আমিনুল ইসলাম, চরফ্যাশন: চরফ্যাশন উপজেলার প্রধান আমদানি রপ্তানির কেন্দ্র চরফ্যাশন বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেসহ একটি দল অভিযান পরিচালনা করেছেন৷ এ অভিযানে বাজারের একাধিক ব্যবসায়ীকে বিভিন্ন কারণে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন৷

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিনের নেতৃত্বে চরফ্যাশন বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালিত হয়েছে৷ এ অভিযানে লালমোহন থেকে ক্রয় কৃত পেঁয়াজের মূল্যের চোতা (ক্রয় মূল্য তালিকা) দেখাতে না পারায় মেসার্স ভাই ভাই কবির এন্ড ব্রাদার্সকে ৫ হাজার, মূল্য তালিকা না থাকায় মেসার্স ভাই ভাই বাণিজ্যালয়কে ৩ হাজার, ওজন মাপার যন্ত্র ঠিক না থাকায় মেসার্স ইব্রাহিম এন্ড ব্রাদার্সকে ৪ হাজার ও অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় নজরুলকে ২ হাজার, সেলিমকে ২ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন৷

এ সময় অন্যান্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির, দৈনিক যায়যায় দিন চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মাইন উদ্দিন জমাদার, শীর্ষবাণী ডটকম ও চরফ্যাশন নিউজ২৪ চরফ্যাশন উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন৷

উল্লেখ্য পেঁয়াজ রপ্তানি বন্ধে ভারতের ঘোষণায় সারা দেশের ন্যায় চরফ্যাশন বাজারেও রাতারাতি পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়িয়ে বিক্রি ও আরো বেশি দামে বিক্রির আশায় ক্রেতার নিকট পেঁয়াজ বিক্রি না করার অভিযোগ পাওয়া যায়৷ আর এরই প্রেক্ষিতে আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে।
শীর্ষবাণী/এনএ