
জামাল মোল্লা ও মাইন উদ্দিন জমাদার : ভোলার চরফ্যাশনে ঝড়ে ঘর চাপা পড়ে একই পরিবারের মা ও ২ ছেলে সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) মধ্যরাত পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কচ্ছপিয়া জনস্বাস্থ্য সংলগ্ন এলাকায় এ ঝড়ের ঘটনা ঘটে।
ঝড়ে নিহতরা হলেন- মৎসজীবী হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দুই ছেলে জোনায়েদ (৭) এবং তানজিদ (৪)। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, মঙ্গলবার রাতে পরিবারের ২ সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় কচ্ছপিয়া এলাকায় আকস্মিক টর্নোডো ঝড়ে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘুমন্ত অবস্থায় ঘর চাপায় ঘটনাস্থলেই মা-ছেলেসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, নিহতদের পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন পূর্বে চর কচ্চপিয়া গ্রামে তারা নতুন ঘর তুলেছেন। অসমাপ্ত নতুন ঘরের কাঠপালা মাথার উপরে পাটাতনের উপরে রাখা ছিল। ঝড়টি প্রবল শক্তিশালী হওয়ায় ঘরের উপরে রাখা কাঠসহ চাপা পড়ে নিহতরা। এছাড়াও ঝড়ে আশেপাশে বেশ কিছু গাছপালা ভেঙে যায়। নিহতদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত জোনায়েদ ও তানজিদ স্থানীয় মাদ্রাসায় পড়ালেখা করতো। এদিকে ঘর চাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।















