ইউজিসির ভাইস-চ্যান্সেলরস ডায়ালগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির অংশগ্রহণ

ঢাকা অফিসঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী “Vice-Chancellors’ Dialogue: Shaping the Future of Higher Education” শীর্ষক জাতীয় সংলাপে অংশগ্রহণ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান।

সাভারের ব্র্যাক সিডিএমে ২১-২২ আগস্ট অনুষ্ঠিত এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬৫ জন ভাইস চ্যান্সেলর, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন। সংলাপে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশাসন, গবেষণা ও উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর এবং কর্মসংস্থানমুখী শিক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান অর্জন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার কার্যকর সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উচ্চশিক্ষা খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে ইউজিসির প্রণীত পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান-এর অংশগ্রহণের মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার বিকাশে চলমান জাতীয় উদ্যোগের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদার হয়েছে।

উল্লেখ্য, ইউজিসির HEAT প্রকল্প বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।