
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নাহিদ ইসলাম নিজের ফেসবুক পেজে সাক্ষাতের বিষয়টি জানিয়ে ছবি প্রকাশ করেন। একই সঙ্গে এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়।
এনসিপি বর্তমানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সমঝোতায় এনসিপি প্রায় ৩০টি আসনে ছাড় পেতে পারে এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে চলমান। এ প্রেক্ষাপটে জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তবে এনসিপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে নির্দিষ্ট আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনা হয়নি। বরং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, প্রশাসনের একটি পক্ষের প্রতি ঝুঁকে পড়া এবং ভবিষ্যৎ নির্বাচনী কৌশল নিয়ে মতবিনিময় হয়েছে।
সূত্রটি আরও জানায়, আসন সমঝোতা সংক্রান্ত আলোচনায় জামায়াতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) নাহিদ ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, রোববার অথবা আগামী সোমবারের মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যার চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রগুলোর দাবি, জামায়াতে ইসলামী প্রায় ১৯০টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো শরিক দলগুলোর মধ্যে বণ্টনের পরিকল্পনা করছে। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৪০টি, এনসিপিকে ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টি, খেলাফত মজলিসকে ৭টি, এলডিপিকে ৭টি, এবি পার্টিকে ৩টি এবং বিডিপিকে ২টি আসন ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।















