বিশ্ব শিক্ষক দিবসে চরফ্যাশনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে শিক্ষকদের একটি র্যালী বের হয়ে পৌরশহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। সভায় একাধিক শিক্ষকনেতা শিক্ষকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরেছেন।


বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে দশটায় চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউনহলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহা. তাশেম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. খলিলুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমূখ।

এসময় শিক্ষা নেতারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বলেছেন, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকদের মধ্যে কোন বেতন ও গ্রেড বৈষম্য রাখা যাবে না। অষ্টম শ্রেণী পাস একজন সরকারি গাড়িচালক ১২তম গ্রেডে বেতন পান, উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা পাসের যোগ্যতায় নার্সরা জাতীয় পে-স্কেলের দশম গ্রেড পাচ্ছেন, উচ্চ মাধ্যমিকসহ ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপ-সহকারী কৃষি কর্মকতারা দশম গ্রেড, পুলিশের এসআইরা স্নাতক যোগ্যতায় দশম গ্রেড এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় দশম গ্রেড পাচ্ছেন। অথচ স্নাতক পাস একজন প্রাথমিক শিক্ষক পান ১৩তম গ্রেড। তাই সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়ন করাসহ একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানান।