
ঢাকা অফিস: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় ২০২৪ সালের দাখিল পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালনা করার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত কেন্দ্রসচিবগণের সঙ্গে এক মতবিনিময় সভা গত ৯ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এসময় সংশ্লিষ্ট কেন্দ্রের পরীক্ষার্থীদের প্রবেশপত্রও প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও রেজিস্ট্রার প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোর্ডের মাদ্রাসা পরিদর্শক প্রফেসর মুহাম্মদ শাহ্ আলমগীর। আরো উপস্থিত ছিলেন বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) ডঃ মোঃ হুসাইন মাহমুদ ফারুক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) মোহাম্মদ আব্দুস সালাম ও বিভিন্ন কেন্দ্রের কেন্দ্রসচিবগণ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন, রংপুর বিভাগের কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, পার্বতীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাসান মাসুদ ও বরিশাল বাগিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ মাহবুব হাসান।















