সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সন্ধ্যার দিকে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। ফলে সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (১ আগস্ট) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর-২ এ এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ খেপুপড়ার নিকট দিয়ে বাংলাদেশের ওপর উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তররের আবহাওয়াবিদ, মো. বজলুর রশিদ জানান, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর পুন. তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।