রাতের তাপমাত্রা বাড়ার শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের

দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী তিন দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। একদিন আগে তা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা অল্প অল্প করে বাড়ছে। আবার কোথাও কোথাও সামান্য কমেও যাচ্ছে। তবে কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে বা শৈত্যপ্রবাহ নেই। শীত থাকলেও তা তীব্র নয়।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে।