
আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে।
ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের চেয়ে পুলিশের দায়িত্ব বেশি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন আইন অনুযায়ী গ্রহণযোগ্য হলেই কেবল মামলা হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, এ আইনের ভালো ও খারাপ দিক খতিয়ে দেখতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের সঙ্গে কথা বলে একটি কমিটিও করে দিয়েছি। যাচাই করে যাতে মামলা নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা না হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তবে প্রয়োজন হলে অবশ্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা সংশোধন করতে পারি।
তিনি আরও বলেন, বড়, মাঝারি ও ছোট এ তিন ক্যাটাগরিতে পাবলিক প্রসিকিউটরদের (পিপি) বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পিপিদের সম্মানজনক অবস্থানে এ ধরনের চিন্তা করা হয়েছে। সে হিসেবে বড় জেলার ক্ষেত্রে ৫০ হাজার, মাঝারি ৪৫ আর ছোট জেলায় ৪০ হাজার টাকা বেতনের প্রস্তাব করা হয়েছে। এজন্য ২৬৭ কোটি টাকা চাওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের কাছে। যা কার্যকর করা হবে আগামী নির্বাচনের পর। ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন স্পেশালাইজড করার চিন্তা রয়েছে মন্ত্রণালয়ের।















