
ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে ছাত্রদল সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর ঘটনায় সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে নয়টা পর্যন্ত ভোলা শহরে কোনো দোকানপাট খুলতে দেখা যায়নি। বন্ধ ছিল যান চলাচলও।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করলেও কোথাও সড়ক অবরোধ অথবা টায়ারে অগ্নিসংযোগ করতেও দেখা যায়নি।
এদিকে, জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মরদেহ বেলা ১১টায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে ভোলায় নিয়ে আসা হবে। বিকেলে ভোলার আলতাজের রহমান কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বৃহস্পতিবার ভোলা জেলা শহরের হরতালের চিত্র ছিল একেবারেই থমথমে। শহরের সদর রোড, খেয়াঘাট সড়ক, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সড়ক, ইলিশা সড়ক, মুসলিম পাড়া সড়কসহ শহরের অন্যান্য সড়কে গাড়ি চলতে দেখা যায়নি। তবে শহরের বাইরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার গাড়ি চলাচল অব্যাহত ছিল।















