রাজধানীতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা

রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৭ জন। এ ছাড়া সুস্থ হয়েছে এক হাজার ২১৪ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৮ জনের বাড়ি ঢাকায় ও তিনজনের বাড়ি ঢাকার বাইরে। এ ছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১২৪ জন এবং ঢাকার বাইরে আটজন রোগী ভর্তি আছে।