
ঈদুল আযহাকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরিবহনের সংখ্যা বাড়ছে। এতে ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে বিকল হয়ে ও অতিরিক্ত যানের চাপে বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল ৯ টা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। দুপুর পর থেকে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়ক স্বাভাবিক হয়ে যায়। এদিকে বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় ২ কোটি ৭২ লাখ ৩৩ হাজার টাকা টোল আদায় হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে এই যানজটের ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সরেজমিনে মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ডে সকালে দেখা যায় গাড়ীর চাপ রয়েছে। মাঝে মধ্যে ধীরগতিতে চলছে। বেলা ১২ টার পর থেকে মহাসড়ক একেবারে স্বাভাবিক হয়। অনেকে পিক-আপ ভ্যান এবং ট্রাকের ছাদে করে রোদে পুড়ে বাড়ি ফিরছেন।
গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা আসা রাসেল মিয়া বলেন মহাসড়ক স্বাভাবিক। একঘন্টার মধ্যেই এলেঙ্গা পৌঁছেছি। তবে যানবাহন সংখ্যা কম।
এদিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গরুবাহী ট্রাক ব্যতিত যাত্রীবাহি পরিবহনগুলো সেতু গোলচত্ত্বর হয়ে ভুঞাপুর-তারাকান্দি দিয়ে ঘুরে এলেঙ্গা মহাসড়কে প্রবেশ করছে। এতে ওই সড়কেও কিছু কিছু এলাকায় পরিবহনে ধীরগতি রয়েছে। তবে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ মহাসড়কের বিভিন্নস্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করেছে।
যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার দুই লেনের সড়ক একমুখী করেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে সেতুর দিকে যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হয়ে ভূঞাপুর সড়ক হয়ে এলেঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছে। তবে উত্তরবঙ্গ থেকে গরুবাহী ট্রাক একমুখী সড়কের আওতার বাইরে রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, রাতের দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় হতে এলেঙ্গা পর্যন্ত তিনটা গাড়ি বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে এখন গাড়ি চলাচল ধীরগতি রয়েছে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ফিটনেস বিহীন বিকল হওয়া কয়েকটি যানবাহন রেকার করে সরাতে সময় লেগেছে। এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হবে।
বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন গত ২৪ ঘন্টায় সেতু দিয়ে ৩৪ হাজার ৪০৭ টি ছোটবড় যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৫০ টাকা।
উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রবেশদ্বার এ পথে ২৩ টি জেলার যানবাহন চলাচল করে। বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন গড়ে ২০/২১ হাজার গাড়ি পারাপার হয়। কিন্তু ঈদে এর সংখ্যা দাঁড়ায় ৩৫/৩৬ হাজারে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কিলোমিটারে দুইলেনের সড়ক থাকা প্রায় যানজটের সৃষ্টি হয়। কিন্তু গত ঈদুল ফিতরে পুলিশের বিশেষ কয়েকটি সিদ্ধান্ত এবং প্রচেষ্টার ফলে মহাসড়ক যানজটমুক্ত থাকে। ফলে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফেরেন মানুষ।











