
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় পরিবারের আবেদন বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ওয়েট অ্যান্ড সি অর্থাৎ অপেক্ষা করুন; দেখুন কী হয়।
রবিবার রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এবং এলিট এই বাহিনীর সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়েও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
তিনি বলেন, ‘বিষয়টি দুঃখজনক। যুক্তরাষ্ট্রের এ অভিযোগ কল্পনাপ্রসূত।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।’
নতুন প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন প্রয়োজন পড়বে তখন নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে। তবে পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন তা আমি জানি না।’
উল্লেখ্য, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।















