
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৬ জন। যা গত দেড় বছরের মধ্যে সবচেয়ে কম।
এর আগে গত বছরের ১২ এপ্রিল এর চেয়ে কম শনাক্ত ছিল। সেদিন ১৩৯ জনের দেহে করোনা ধরা পড়ার তথ্য দেয় স্বাস্থ্য অধিদফতর। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে।
শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ২৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৪৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ১৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ জন, নারী ২ জন। এর মধ্যে ঢাকায় ৪, চট্টগ্রামে ২, খুলনায় ১ ও সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।















