
আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় জয়নাল আবেদিন নামের ৬০ বছরের এক বৃদ্ধকে বালিশ চাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ভাদাইল এলাকায় আব্দুল লতিফের বাড়িতে এ ঘটনা ঘটে।
পাশের বাসার ভাড়াটিয়া রুবল (২৫) হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। রুবেল পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান।
নিহতের বড় ছেলে সাইফুদ্দিন জানান, তার বাবা পরিবারের সবাইকে নিয়ে আব্দুল লতিফ ভান্ডারির বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার দুপুরে বাসায় খাবার খেতে আসেন। চলে যাওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। রাত ১২টার পরও বাসায় না আসায় তাকে খুঁজতে বের হন তারা। পরে পাশের বাসার রুবেলের খাটের নিচ থেকে তার বাবার লাশ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার এসআই হাসিব শিকদার গণমাধ্যমকে বলেন, জয়নাল নামের এক অটোরিকশাচালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন রুবেলের পরিচয় পাওয়া যায়নি।
শীর্ষবাণী/এএ















