খুলনায় করোনায় আরও ৯ জনের মৃত্যু

খুলনায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে সাত জন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে।

খুমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটের রেড জোনে মোট সাত জন মারা গেছেন। তাঁদের মধ্যে রয়েছেন খুলনার আমিনুর (৬০) ও ইরান আলী (৪৮), বাগেরহাটের শহিদুল্লাহ (৭৪), মিঠুন (২৮) ও কুলসুম (৫৫), নড়াইলের জহিরুল (৭০) ও পিরোজপুরের লতিফ শেখ (৭৫)।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন যশোরের জিল্লুর রহমান (৪২) ও ইসাহাক সানা (৮০)।

এদিকে, খুমেকের ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মোট ৫৫৪ জনের নমুনা পরীক্ষা করে ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৯১ শতাংশ। এর মধ্যে খুলনা ৪২৫টি নমুনা পরীক্ষায় ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৯৪ শতাংশ।