
অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু: মুক্তিযুদ্ধের ৫০ বছর পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় মিত্র বাহিনীর সৈনদের স্মরণে আশুগঞ্জে নির্মিত হতে যাচ্ছে একটি স্মৃতি সৌধ ও মুক্তিযুদ্ধ যাদুঘর কমপ্লেক্স । একাত্তরে মুক্তিযুদ্ধের শেষ সময়ে ৯ ডিসেম্বর আশুগঞ্জে এক ভয়াবহ যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারি ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা সহ বিপুল সংখ্যক ভারতীয় সৈন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের স্মৃতির রক্ষার্থেই বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগেই এই স্মৃতি সৌধ ও যাদুঘর নির্মাণ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী ও মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশে অবস্থানকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে স্মৃতি সৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য বাংলাদেশের সীমান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মুক্তিযুদ্ধের তীর্থ ভূমি। ভৌগোলিক কারণে একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা-মিত্র বাহিনী ও শত্রু বাহিনী উভয়েরই আশুগঞ্জের নিয়ন্ত্রণ তাদের হাতে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছিল। আশুগঞ্জ যার যার নিয়ন্ত্রণে রাখা তখন উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সে জন্য মুক্তিযুদ্ধের সূচানা লগ্নে ও বিজয়ের শেষ প্রান্তে আশুগঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে মুক্তিযোদ্ধা ও পাক হানাদার বাহিনীর মধ্যে ব্যাপক যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়।
একাত্তরের মুক্তিযুদ্ধে আশুগঞ্জই একমাত্র যুদ্ধক্ষেত্র যেখানে আকাশ পথে বিমান,নৌপথে গানবোট এবং স্হল পথে ট্যাঙ্ক ব্যবহৃত হয়েছিল। একাত্তরে মুক্তিযুদ্ধ নিয়ে যত গবেষণা এবং লেখালেখি হয়েছে সবখানেই ১৪ এপ্রিলের আশুগঞ্জ প্রতিরোধ যুদ্ধ এবং ৯ ডিসেম্বর আশুগঞ্জ পুরুদ্ধার যুদ্ধের বর্ণনা বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ রয়েছে। মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জাতীয় পর্যায়ে যারা বিশেষভাবে আলোচিত হয়েছেন তাদের অনেকেই আশুগঞ্জের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে ইতিহাসে অমর হয়ে আছেন। বিশেষ করে স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান জেনারেল কে এম সফিউল্লাহ, সেনা প্রধান লেঃ জেঃ নাসিম,মেজর জেনারেল হেলাল মুর্শেদ খান (তাঁর শরীরে এখনো ১৪ এপ্রিল আশুগঞ্জ প্রতিরোধ যুদ্ধের বোমার স্পিন্টার রয়েছে), মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া, মেজর জেনারেল আইন উদ্দিন ও মেজর নাসিরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। দীর্ঘ আট বছরের গবেষণার ফসল আমার লেখা “মুক্তিযুদ্ধ এবং আশুগঞ্জ” গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে। বইটি প্রথম প্রকাশিত হয় ২০০৩ সালে এবং দ্ধিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০১১ সালে। বর্তমানে তৃতীয় সংস্করণের প্রস্তুতি চলছে।
একাত্তরের ৯ ডিসেম্বর আশুগঞ্জের সোহাগপুর ভারতীয় মিত্র বাহিনী ও মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াবহ যুদ্ধে মিত্র বাহিনী ও পাকিস্তান হানাদার বাহিনীর বিপুল সংখ্যক সৈন্য নিহত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম এই যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনী ট্যাংক ও যুদ্ধ বিমান ব্যবহার করার পরও তাদের কয়েকজন অফিসার সহ বিপুল সংখ্যক (কারো কারো মতে শতাধিক,কারো কারো মতে নিহতের সংখ্যা আরো বেশি) সৈন্য নিহত হয়। ভারতীয় মিত্রবাহিনীর গোয়েন্দাদের ভুল তথ্যের ভিত্তিতে ৯ ডিসেম্বর বিকাল তিনটায় এই হামলা পরিচালনা করতে গিয়েই এই ভয়ানক ও দুঃখজনক পরিণতির শিকার হতে হয়েছিল।
ঘটনার আগের দিন ৮ ডিসেম্বর বিকালে আশুগঞ্জের দখল নিতে দুর্গাপুর ও তার আশেপাশের কয়েকটি গ্রামে অবস্থান নেয় ভারতীয় মিত্র বাহিনী এবং আমাদের ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সাহসী যোদ্ধারা । মিত্রবাহিনীর আর্টিলারি ইউনিট আশুগঞ্জে পাকিস্তানি হানাদারদের অবস্থানের উপর বোমা নিক্ষেপ করতে থাকে। এতে করে দুই পক্ষের মধ্যে কয়েক দফা বোমা হামলা হয়। তখন আশুগঞ্জে পাকিস্তানি আর্মিদের শক্তিশালী ঘাটি ছিল। সম্ভাব্য বিপদ আচ করতে পেরে ঐদিন রাতেই পাকিস্তানি বিপুল সংখ্যক সৈন্য আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আবাসিক এলাকা ডি টাইপের কলোলীর পুর্ব উত্তর ও দক্ষিণ দিকের সীমানা প্রাচীরের ভিতরে ব্যাঙ্কার খুঁড়ে সীমানা দেওয়াল ঘেঁষে ট্যান্ক বিধ্বংসী কামানসহ অত্যাধুনিক অস্ত্রশস্র নিয়ে উৎপেতে থাকে। ৯ ডিসেম্বর সকালে পাকিস্তানের ১৪ ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আব্দুল মজিদ কাজীর নির্দেশে মেঘনা ব্রীজের আশুগঞ্জ অংশের একটি স্পেন ডিনামাইট দিয়ে ধ্বংস করে দেয়। ব্রীজটি ধ্বংস করার কারণ ছিল সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল দিয়ে যাতে মুক্তিযোদ্ধারা ব্রীজ ব্যবহার করে ঢাকার দিকে এগুতে না পারে। ব্রীজটি ধ্বংস করার পর ভারতীয় সৈন্যরা ভেবেছিল পাকিস্তানি বাহিনী আশুগঞ্জ ছেড়ে ভৈরবে পশ্চাদপসরণ করেছে । এ ক্ষেত্রে ভারতীয় গোয়েন্দাদের তথ্য ভুল ছিল। যার জন্য দুর্গাপুর, সোহাগপুর অতিক্রম করে ভারতীয় গোলন্দাজ ও আর্টিলারি বাহিনীর ট্যাংক বহর আশুগঞ্জ বিদুৎ কেন্দ্রের ডি টাইপের সীমানা প্রাচীরের সন্নিকটে পৌঁছার সাথে সাথেই পুর্ব থেকে সেখানে ওৎপেতে থাকা পাকিস্তানী সৈন্যরা একসাথে পাল্টা আক্রমণ চালালে ভারতীয় সৈন্যরা চরম বিপর্যয়ের সম্মুখীন হয়। অনাকাঙ্খিত এই আক্রমনে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। ফলে এখানে বিপুল সংখ্যক ভারতীয় সৈন্য নিহত হয়। তারা তখন যুদ্ধক্ষেত্র ছেড়ে দুর্গাপুর গ্রামে পশ্চাদপসরণ করে। এরই মধ্যে সরাইল থেকে মিত্র বাহিনীর আরো অনেক সৈন্য দুর্গাপুরে পৌঁছে এবং পুর্বে থেকেই উল্লেখযোগ্য সংখ্যক ইষ্টবেঙ্গল রেজিমেন্ট ও স্হানীয় মুক্তিযোদ্ধাদের সেখানে অবস্থান করছিলেন। তারা সম্মিলিত ভাবে অল্প সময়ের মধ্যেই সংগঠিত হয়ে আবার সোহাগপুর পাল্টা হামলা পরিচালনা চালায় । এসময় ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানি হানাদারদের অবস্থানে ব্যাপক নাপাম বোমা হামলা চালায়।















