
সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী ও ভোলা-৪ আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক চিঠিতে জ্যাকবকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। সচিবের এই চিঠিটি গত ১৮ ফেব্রুয়ারি দুদকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুদক কর্তৃক তা পরিসমাপ্ত করা হয়েছে।’ অব্যাহতি সংক্রান্ত চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, দুদক চেয়ারম্যানের একান্ত সচিব, দুদকের পর্যবেক্ষণ ও বিশারদ অনুবিভাগের পরিচালকসহ কমিশনের সংশ্নিষ্ট শাখায় পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান, গত বছর জাগো টিভি নামের একটি অনলাইন টেলিভিশনে অবৈধ সম্পদ অর্জনের একটি অসত্য খবরের পরিপ্রেক্ষিতে দুদক অভিযোগটি অনুসন্ধান করে। একটি বিশেষ মহল প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই অসত্য খবরটি প্রচার করেছিল।
শীর্ষবাণী /এন















