
আমিনুল ইসলাম: ভোলা চরফ্যাশনে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তঃকলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি বলেন, আমি চরফ্যাশনের উন্নয়ন দেখে অভিভূত হয়েছি৷
সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১২ টায় আধুনিক চরফ্যাশনের রূপকার ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর পৃষ্ঠপোষকতায় চরফ্যাশন ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সরকারি টিবি স্কুল মাঠে বঙ্গবন্ধু আন্তঃকলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
অনুষ্ঠানের পূর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে চরফ্যাশন সরকারি কলেজ প্রাঙ্গণে তার বাবার কবর জিয়ারত করেন। পরে জ্যাকব টাওয়ার, খাসমহল জামে মসজিদ, ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক পরিদর্শন করেন৷ এছাড়াও আকাশ পথে কুকরি মুকরি, বেতুয়া প্রশান্তি পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য একাডেমিক ভবনসহ চরফ্যাশন উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন পর্যবেক্ষণ করেন৷
বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাশন উপজেলা শাখা, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ওলামালীগ এর নেতারা মিছিল সহকারে কর্মসূচীগুলোতে অংশ নেন। এসময় উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম আহবায়ক মোঃ কামারুজ্জামানের নেতৃত্বে উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের খণ্ড খণ্ড মিছিলে মুখরিত ছিলো চরফ্যাশনের পুরো শহর৷
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি আরও বলেন, চরফ্যাশন উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়নের চিত্র দেখে আমি আনন্দিত, অভিভূত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চরফ্যাশন। আমি আপনাদের প্রিয় নেতার উন্নয়নের কথা দূর থেকে শুনে এখানে আসার ইচ্ছা পোষণ করেছি। এ অঞ্চলের ঐতিহ্য কৃষি, মৎস্য, নদী। এখানে পর্যটনশিল্পের সম্ভাবনা খুব উজ্জ্বল। শেষে
বঙ্গবন্ধু আন্তঃকলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর বিজয়ীদের পুরষ্কারের ট্রপি তুলে দেন প্রতিমন্ত্রী৷
শীর্ষবাণী/এনএ













