চরফ্যাশনে ৩০ গৃহহীন পরিবারকে ঘর ও জমি দিয়েছেন প্রধানমন্ত্রী

মাইনউদ্দিন জমাদার: প্রকৃতির সঙ্গে লড়াই করে যাদের বসবাস। আজ এখানে কাল ওখানে, আশ্রিত হয়ে জীবনের অনেকটা সময় যারা পার করে এসেছেন তাদের জীবনে হঠাৎ আলোর ঝলকানী হয়ে এলো স্থায়ী নিবাসের খবর। চরফ্যাশনে ৪ টি ইউনিয়নের ৩০ টি গৃহহীন পরিবার পেয়েছেন এ স্থায়ী নিবাসের ঠিকানা।

২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের এ ঘর উদ্বোধন করেন। এ উপলক্ষে চরফ্যাশনে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মাধ্যমে গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ সহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক এবং সুবিধাভোগী পরিবার।

মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার পেয়েছেন চরফ্যাশনের গৃহহীন ৩০ টি পরিবার। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই গৃহহীন পরিবারের মাঝে ঘর বিরতণ কার্যক্রম উদ্বোধনের পরপরই চরফ্যাশনের মাদ্রাজ, হাজারীগঞ্জ, চর মানিকা এবং জাহানপুরে নির্মিত এই ৩০ ঘর ও জমি বুঝিয়ে দেওয়া হয়।

উপজেলার হাজারীগঞ্জের সুবিধাভোগী ফাতেমা বেগম বলেন, নিজের আশ্রয় না থাকায় জীবনের অনেকটা সময় ভাই ও বিভিন্ন বাড়িতে আশ্রীত হিসেবে কেটে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। যতদিন বেঁচে আছি এই স্বপ্নের ঘরেই থেকে যাবো।

মাদ্রাজের মমতাজ বলেন, অন্যের জায়গায় ঘর তুলে থেকেছি জীবনে বড় অংশ। কোনদিন নিজের ঘর হবে ভাবিনি। মানব দরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তা হইতেছে। আল্লাহ যেন তাকে ভালো রাখেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী এ সকল ঘরের উদ্বোধনের পর চরফ্যাশনের ৩০ টি গৃহহীন পরিবারের হাতে জমি ও ঘর তুলে দেওয়া হয়েছে।
শীর্ষবাণী/এসএস