চোখের জলে হারুন চেয়ারম্যানকে চিরবিদায় জানালেন আশুগঞ্জের মানুষ

ঢাকা অফিস : আশুগঞ্জের সর্বস্তরের মানুষ তাদের প্রাণপ্রিয় নেতা, বিশিষ্ট আওয়ামী লীগার হারুন অর রশিদ চেয়ারম্যানকে শ্রদ্ধা, ভালোবাসা ও চোখের জলে চিরবিদায় জানালেন। আজ বাদ আসর যাত্রাপুর ঈদগাহ মাঠে মরহুম হারুন রশিদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

জানাজায় সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। এসময় ঈদগা মাঠ কানায় কানায় ভর্তি হয়েও আশে পাশের এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। জানাজার পূর্বে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় অনেককে চোখের পানি মুছতে দেখা যায়। জানাজার নামাজে ইমামতি করেন আশুগঞ্জ কাচারি মসজিদের খতিব মুফতি মাওলানা মোশাররফ হোসেন।

উল্লেখ্য, প্রবীন আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ পশ্চিম ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের প্রগতিশীল আন্দোলনের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সর্বজন শ্রদ্ধেয় হারুন অর রশিদ আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুতে আশুগঞ্জে শোকের ছায়া নেমে আাসে।
শীর্ষবাণী/ এএ