
স্বপন ঘোষ
একটি শিশু আদর খেয়েই
ঘুমের থেকে ওঠে,
আরেক শিশু পেটের টানে
কাজের খোঁজে ছোটে৷
একটি শিশু সকালবেলা
নাস্তা করে কত!
আরেক শিশুর খাবার জোটে
পায় যেটুকু তত৷
একটি শিশু স্কুলে যায়
চড়ে দামী গাড়ি,
আরেক শিশু বয়ে বেড়ায়
ইটের বোঝা ভারী৷
একটি শিশুর খেলনা কত
দামি দামি জবর,
আরেক শিশুর খেলনা কোথায়
রাখে কেবা খবর?
একটি শিশুর পোশাক-আশাক
আনা বিদেশ থেকে,
আরেক শিশু ছেঁড়া পোশাকেই
শরীর রাখে ঢেকে৷
একটি শিশু সুযোগ পেলেই
ঘোরে দেশ-বিদেশ,
আরেক শিশুর কাজের খোঁজে
ঘুরেই জীবন শেষ৷
একটি শিশু বাবা-মায়ের
খুব আদরে আছে,
আরেক শিশু পায়না আদর
ফেলনা সবার কাছে৷
একটি শিশু ঘুমিয়ে পড়ে
বিছানায় মখমলে,
আরেক শিশু ছেঁড়া কাঁথায়
ঘুমায় রাত্রি হলে৷
একটি শিশু এমন কেন
যা কিছু চায়, পায়?
আরেক শিশুর জীবন কাটে
না পাবার বেদনায়?
হবেনা কখনো এদিন এমন
যেদিন হাসবে সবে?
সারাটা বিশ্ব সকল শিশুর
সাজানো বাগান হবে?
শীর্ষবাণী/















