
ঢাকা অফিস : ঢাকার সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় এক পিকআপ ভ্যানচালককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে তাঁর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত চালকের নাম আনোয়ার হোসেন (২২)। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার কান্দি গ্রামে।
আনোয়ারের পরিবারের সদস্যরা জানান, আনোয়ার গত সোমবার পরিবারের সদস্যদের না জানিয়ে বিউটি আক্তার নামে এক তরুণীকে বিয়ে করে সাভারের শাহীবাগ এলাকায় ভাড়া বাসায় ওঠেন। পরে গতকাল বিকেলে কে বা কারা আনোয়ারকে ফোন করে আনন্দপুর মহল্লার একটি একতলা ভবনে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরে এক নারীসহ চারজন ব্যক্তি আনোয়ারকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাঁর বাবা আফাজ উদ্দিনকে খবর দেন, তাঁর ছেলে মারা গেছেন, তাঁরা যেন লাশ নিয়ে যান। এর পর থেকে ওই নারীসহ চার ব্যক্তি পলাতক।
পরে আনোয়ারের বাবা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিহত আনোয়ারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।















