মহেশখালীতে দুই বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে দুই বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ ও তার ভিডিও ধারণের পর চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিক এবাদ উল্লাহকে আটক করেছে পুলিশ।

গত ১১ অক্টোবর বড় মহেশখালী উপজেলার মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বরাত দিয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাই জানান, ধর্ষণের শিকার ছাত্রীর সঙ্গে বড় মহেশখালী ইউনিয়নের গুলগুলিয়া পাড়ার মো. আলী উরফে নবাব মিস্ত্রীর ছেলে এবাদ উল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।

সে সূত্রে এবাদ উল্লাহ ১১ অক্টোবর সকালে ফোন পেয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে যান ছাত্রী। প্রেমিক এবাদ উল্লাহসহ তার দুই বন্ধু গুলগুলিয়া পাড়ার মো. আলীর ছেলে খাইরুল আমিন ও একই এলাকার আলী আহাম্মদের ছেলে নূর হাকিম মিলে তাকে ধর্ষণ করেন এবং তা ভিডিও ধারণ করেন।

স্থানীয় মেম্বার এরফান উল্লাহ জানান, এবাদ উল্লাহ ধর্ষণের ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে ভিকটিমের পরিবারের কাছে চাঁদা দাবি করেন। ১২ অক্টোবর ধর্ষকদের দাবিকৃত টাকা তাদের নির্দেশিত একটি মাঠে রেখে আসে। রাতেই প্রেমিক এবাদ উল্লাহ, খাইরুল আমিন মাঠে টাকার জন্য আসলে স্থানীয় মেম্বার এরফান উল্লাহ স্থানীয়দের সহযোগিতায় প্রেমিক এবাদ উল্লাহ ও খাইরুল আমিনকে আটক করে।

এদিকে স্থানীয় এক ব্যক্তি খাইরুল আমিনকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে এবাদ উল্লাহকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। আটক এবাদ উল্লাহ (মঙ্গলবার) ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।