
ঢাকা অফিস : বিশ্বশান্তির অগ্রদূত, মানবতার জননী, শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার স্বাশিপ কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। স্বাশিপ সহ-সভাপতি এস এম একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন স্বাশিপের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড ফেডারেশন অব টিচার্স ইউনিয়ন (WFTU) এর ফাস্ট সেক্রেটারি অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
সভায় বক্তব্য রাখেন সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, আকলিমা জাহান, অধ্যক্ষ মাহবুবুর রহমান, নারায়ণ চন্দ্র সাহা, মুজিবুর রহমান বাবুল, মাসুম খান, সঙ্গীতা বিশ্বাস, সামসুল আলম, রিফাত হোসেন, শাহজাহান খান প্রমুখ।
আলোচনা সভার শুরুতে শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে সভার সূচনা করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান আলোচক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। এই উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে সকলকে শেখ হাসিনার পাশে থেকে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। শিক্ষা ক্ষেত্রে ইতোমধ্যে অনেক সমস্যা সমাধান করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত সমস্যা রয়েছে তাও বিশেষ করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের স্বপ্ন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সরকারের মাধ্যমেই বাস্তবায়িত হবে।
আলোচনা সভা শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।















