চরফ্যাশনে এমপি জ্যাকবের আর্থিক সহায়তা পেলেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার

আমিনুল ইসলাম, চরফ্যাশন : ভোলা চরফ্যাশন আছলামপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের আর্থিক সহায়তা প্রদান করেছেন৷

চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বেতুয়া সড়ক সংলগ্ন, দুদুমিয়ার ব্রিজ থেকে বরদার হাট বাজার পর্যন্ত গত ১৯ সেপ্টেম্বর মধ্য রাতে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি এ সহযোগিতা প্রদান করেন। আর্থিক সহায়তার মধ্যে প্রতি পরিবারকে ৩০ কেজি করে চাউল ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে ৫ হাজার এবং আংশিক ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে ৩ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

আছলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরে আলম মাস্টার জানান, আকষ্মিক ঘুর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেন আমাদের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ তার নির্দেশনায় উপজেলা প্রশাসনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন ও তালিকা করেন৷ তালিকা অনুযায়ী গতকাল বিকেলে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মহোদয়ের পক্ষ থেকে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মিলিটারি, ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক লীগ নেতা দাইমদ্দিন হাওলাদার, উপজেলা পরিষদের কর্মকর্তা ও আছলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি শাহে ইমরান সিকদারসহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
শীর্ষবাণী/এনএ