
ভোলা প্রতিনিধি : বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা ‘বীরমাতা’ মোসাম্মৎ মালেকা বেগমের (৯৬) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়ির ভোলা সদর উপজেলায় আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে, স্থানীয় ঈদগাঁ মাঠে মালেকা বেগমের মরদেহ রাখা হলে সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সেনাবাহিনী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
জানাজায় ভোলার জেলা প্রশাসক (ডিসি) মাসুদ আলম ছিদ্দিক, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ আবদুল মমিন টুলু, পুলিশ সুপার (এসপি) সরকার মো. কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, শেখ হাসিনা সেনানিবাসের লেফটেন্যান্ট মো. আহাদ, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিডিও বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এর আগে সকাল ৭টা ৪০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘বীরমাতা মালেকা বেগম। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মালেকা বেগম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকদিন আগে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ‘বীরমাতাকে’ সেনাবাহিনীর সহযোগিতায় গত ২০ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর তাকে পুনরায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেও তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার সকালে তিনি মারা যান।
শীর্ষবাণী/এনএ















